খুলনা-৫ আসনের ফুলতলায় সঞ্জয় সাহা নামের এক ভোটারকে মারধরের ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর। বর্তমানে তিনি ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফুলতলার দক্ষিণপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট দিয়ে বের হওয়ার সময় এ মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শামসুল ইসলাম সাগর।
সঞ্জয় সাহা অভিযোগ করে বলেন, ধানের শীষের ব্যাচ পড়ায় আমাকে ডেকে শামসুল ইসলাম সাগর জেরা করে বলেন, ‘তুই মালায়ন মানুষ, ধানের শীষে ভোট দিবি ক্যান’? এরপরই মারধর করে। আমার চোখে ঘুসি দেয়। পড়ে লোকজন দৌড়ে এলে সে হেঁটে চলে যায়।'
তিনি বলেন, ‘আমি এখনো অভিযোগ করতে পারিনি। হাসপাতালে ভর্তি আছি। ডিবি পুলিশ এসে তথ্য নিয়ে গেছে।’
সঞ্জয় সাহা আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ভোটের পড়ে আবার হামলা করতে পারে। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই। তবে শামসুল আলম সাগর কোন পক্ষের লোক তা আমি জানি না।’
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘এ ঘটনা শুনে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তাকে অভিযোগ দিতে বলো হয়েছে।’
এ বিষয়ে জানতে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সূচি রানী সাহার ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।
আরিফুর রহমান/এসআর/এমএন