আন্তর্জাতিক

বিশ্বসেরা ১০০ হাসপাতালের তালিকায় বাংলাদেশ, শীর্ষে আছে কোন দেশ?

বিশ্বের সেরা ১০০ হাসপাতাল ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের তিনটি হাসপাতাল স্থান পেয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২৫টি হাসপাতাল ব্র্যান্ড সেরা ১০০-র মধ্যে স্থান পেয়েছে-যা এককভাবে সর্বোচ্চ এবং মোট তালিকার এক-চতুর্থাংশ।

ইউরোপের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটির আটটি হাসপাতাল ব্র্যান্ড সেরা ১০০-র তালিকায় স্থান পেয়েছে। জনসংখ্যা ও আকারের তুলনায় অস্ট্রেলিয়াও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অস্ট্রেলিয়ার পাঁচটি হাসপাতাল ব্র্যান্ড প্রথম তালিকাভুক্ত ১০০ হাসপাতালের মধ্যে রয়েছে।

তালিকা অনুযায়ী চারটি করে হাসপাতাল নিয়ে সৌদি আরব, জাপান, জার্মানি ও কানাডা পাশাপাশি অবস্থানে রয়েছে।

বাংলাদেশও এই তালিকায় জায়গা করে নিয়েছে। দেশের তিনটি হাসপাতাল ব্র্যান্ড সেরা ১০০-র মধ্যে রয়েছে। একই সংখ্যক হাসপাতাল নিয়ে সিঙ্গাপুর, ব্রাজিল, স্পেন, কাতার, ফ্রান্স, ভারত ও কলম্বিয়াও তালিকায় রয়েছে।

দুটি করে হাসপাতাল নিয়ে মরক্কো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, মিশর, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত স্থান পেয়েছে।

এছাড়া একটি করে হাসপাতাল রয়েছে সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চীন, বাহরাইন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের।

তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায়, উন্নত দেশগুলোর পাশাপাশি উদীয়মান অর্থনীতির দেশগুলোর হাসপাতাল ব্র্যান্ডও আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির সুফল পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মান, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং রোগী সেবার মান উন্নয়নের কারণে এসব হাসপাতাল বৈশ্বিক র‍্যাংকিংয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

সূত্র: ব্রান্ড ডাইরেক্টরি ডট কম

কেএম