জাতীয়

‎ঢাকা ১৩: দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬ শতাংশ ‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনের ভোট কেন্দ্রগুলোতে দুপুর ২টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।‎‎ইউনুচ আলী বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢাকা-১৩ আসনে ভোটারদের উপস্থিতি অনেক। দুপুরের পর থেকে ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, এ আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬ শতাংশ। তবে, কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কিংবা কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ঢাকা-১৩ আসন উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপি মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ ছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

এ ছাড়াও এই আসনটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো. রবিউল ইসলাম।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।

কেআর/এমএমকে