সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ আয়োজনে শামিল হয়েছেন ‘আয়নাবাজি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট দেওয়ার পর সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নাবিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আরও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।’
পাশাপাশি ভক্তদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনি আপনার ভোট দিয়েছেন?’
আরও পড়ুনকচু মার্কায় ভোট দিলেন অভিনেত্রী চমক!তিনবোন দিলেন ভোট, যে প্রত্যাশার কথা বললেন ববিতা
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটের তথ্য পাওয়া গেছে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।
এমআই/এলআইএ