হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তাৎক্ষণিক কেন্দ্রে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মিডিয়ার দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আখি রাণী দাস বলেন, ‘ভোটকেন্দ্রে আসলে কোনো ঘটনা ঘটেনি। এটি ভোটকেন্দ্রের বাইরে কিছু মানুষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় হট্টগোল হয়। তাৎক্ষণিক কেন্দ্রে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। পরে খবর পেয়ে বিজিবি, র্যাব, পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তিনি বলেন, ‘পরবর্তীতে সেনাবাহিনী কেন্দ্রের পার্শ্ববর্তী একজনের বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।’
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মন্দরী গ্রামের কয়েকজন লোক আওয়ামী লীগ সমর্থকদের হুমকি দেন। এ নিয়ে বিএনপি এবং জামায়াত সমর্থিত খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন একে অপরের উপর হামলা চালালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসকে