‘সকাল থেইক্কা বইয়া রইছি বাড়িতে নাতি আইলে তার লগে ভোট দিবার যামু। দেরি কইরা আইছে জন্যি হামারও আসতি দেরি হইলো’। ৯ বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।’ ভোট দিতে এসে এভাবেই কথাগুলো বলছিলেন ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধ গ্যাদা খন্দকার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) একযোগে ১২৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলার সময় গ্যাদা খন্দকার নামে ওই বৃদ্ধ উচ্ছ্বসিত চেহারায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে আসা নাতি ফিরোজ আলী বলেন, ‘ভোটের দিন যদি ভোট দিতে না আসি তবে কেমন হয়। সকাল সকাল দাদাকে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছি। দীর্ঘ ৯ বছর পর ভোটকেন্দ্রে ব্যাপক আনন্দ প্রকাশ করছে।’
ভোটকেন্দ্রের পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, বহু বছর পর এমন স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মানুষ। এমন সুষ্ঠুভাবে প্রতিবার ভোটগ্রহণ হলে বিষয়টি খুবই ভালো হবে।’
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মোঃ ইমান আলী বলেন, ‘খুব সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা যথেষ্ট উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, ঈশ্বরদীতে ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে।
শেখ মহসীন/কেএসকে