জাতীয়

যেমন ছিল নারী ভোটার কেন্দ্র দুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৬ আসনের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই বিদ্যালয়ের দুটি কেন্দ্রে শুধু নারী ভোটাররাই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রিসাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ও ভোট প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একাধিক ভোট কক্ষে নারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

প্রথম কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজমুল হক জানান, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৯৭ জন। দুপুরে ১২টার দিকে এই কেন্দ্রে ভোটের হার ছিল ২৫ শতাংশ, যা বিকেল ৩টা নাগাদ বেড়ে দাঁড়ায় ৪০ শতাংশে। বিকেল ৩টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ১,০২২টি ভোট সংগৃহীত হয়েছে।

অন্যদিকে, রহমত উল্লাহর দায়িত্বে থাকা দ্বিতীয় কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫০০ জন। এই কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৩৪০টি (২২.৬ শতাংশ) ভোট পড়েছিল, যা দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত বেড়ে দাঁড়ায় ৫৫০টিতে (৩৬.৬ শতাংশ)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমডিএএ/এসএইচএস