জাতীয়

দুপুরের পর পুরান ঢাকার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেড়েছে 

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। দুপুর তিনটার দিকে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় সব লাইনে ১০ থেকে ১৫ জন ভোটারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার মধ্যে যারা কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হবেন, তাদের প্রত্যেকের ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।

কয়েকটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সেন্ট্রাল গার্লস হাইস্কুল কেন্দ্রে ভোটারদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান, সকাল ১০টায় এই কেন্দ্রে ১৪ দশমিক ৪২ শতাংশ ভোট পড়ে, দুপুর ২টা ১০ মিনিটে তা বেড়ে ৪৩ শতাংশে দাঁড়ায়। মূলত নারী ভোটারদের আধিক্য এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণেই এখানে ভোটের হার দ্রুত বেড়েছে।  

একইভাবে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে সব ভোটারই পুরুষ, এখানেও ভালো ভোট পড়েছে। দুপুর দেড়টা নাগাদ মোট ৪ হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে ৩৮ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা সকাল সাড়ে ১১টায় ছিল ২৩ শতাংশ। 

শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রেও ভোটের হারের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৯টায় যেখানে মাত্র ৮ শতাংশ ভোট পড়েছিল, দুপুর ১টা নাগাদ তা বৃদ্ধি পেয়ে ৩২ শতাংশে পৌঁছায়। 

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৪০০টি ভোট পড়লেও দুইটার মধ্যে তা বেড়ে ৬৫০টিতে দাঁড়ায়। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গিয়াসউদ্দিন কেন্দ্রীয়ভাবে ভোটের হারের প্রতিবেদন জমা দিচ্ছেন না বলে জানান। 

প্রায় দুই ঘণ্টা কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে থেকে দেখা যায়, সেখানে ভোটারদের ধারাবাহিক উপস্থিতি লক্ষ্য করা যায়। সামগ্রিকভাবে, পুরান ঢাকার কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ চলছে।

এমডিএএ/কেএসআর