ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে ভোটের উৎসব। সেই আমেজে শামিল হয়েছেন শোবিজ তারকারাও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমি যাকে ভোট দিই, সেই জেতে।’
মিষ্টি জান্নাত জানান, দুই বছর আগে প্রথমবার ভোট দিয়েছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো ভোট দিলেন। ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও ভালো পরিবেশ পেয়েছিলাম।’
চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রয়োজন। ‘প্রতি সরকারই আশ্বাস দেয় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয় না। কোনো সরকার স্পষ্ট করে বলেনি যে চলচ্চিত্রের উন্নয়ন করবে। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করুক।’
সবশেষে আবারও নিজের পছন্দের প্রার্থীর প্রতি আস্থা জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে বলে আশা করছি।’
এমআই/এমএমএফ