বিনোদন

নোবেলের সঙ্গে বাবা-মা, ছবি তুলেছেন ভোটারদের সঙ্গেও

নব্বই দশকের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল গিয়েছিলেন ভোট দিতে। ৯১ বছর বয়সী বাবার হাত ধরে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঢুকতে দেখা যায় তাকে। জনপ্রিয় এই মডেলকে পেয়ে ছবি তোলার জন্য ছেঁকে ধরেন অন্য ভোটাররা।

আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সাধারণ নাগরিকদের মতো বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে হাজির হন দেশের তারকারাও। বেলা সাড়ে ১২টায় আদিল হোসেন নোবেল তার পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যান। মা-বাবা ও স্ত্রী সঙ্গে থাকলেও উৎসুক ভোটারদের সঙ্গে ছবি তোলেন এই মডেল ও অভিনেতা। এ সময় তিনি বলেন, ‘বাবার বয়স ৯১ বছর। তিনি ভোট দেওয়ার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। এ জন্য সবাইকে নিয়ে চলে এলাম।’

দেশের মডেলিংয়ের ইতিহাসে আদিল হোসেন নোবেল এক অনন্য অধ্যায়। নব্বই দশকের শুরুতে মডেলিং শুরু করেছিলেন তিনি, করেছেন অভিনয়ও। সময় ও ট্রেন্ড বদলালেও আকর্ষণীয় ফিগার, ভুবনভোলানো হাসি আর অনন্য ব্যক্তিত্বের কারণে এখনকার তরুণ-তরুণীদেরও মুগ্ধ করে রেখেছেন নোবেল। এ বছরের ২০ জানুয়ারি ৫৭ বছরে পা রেখেছেন তিনি।

রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নোবেল দীর্ঘদিন ধরে কর্পোরেট অঙ্গনে কাজ করে যাচ্ছেন। শৈশব থেকে মা-বাবার বারণ ছিল খেলাধূলায়। এমনকি মডেলিংয়েও। মডেলিং করে তারকাখ্যাতি পেয়েও নোবেল ধরে রেখেছিলেন ব্যক্তিত্ব ও সততা। দেশের প্রথম দিককার প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’তে প্রধান চরিত্রে ছিলেন তিনি।

আরও পড়ুন:মডেলিংয়ের রাজপুত্র নোবেল, প্রজন্মের পর প্রজন্মের অনুপ্রেরণা১৫ বছর পর বিজ্ঞাপনে নোবেল-মৌ জুটি

আরএমডি