দেশজুড়ে

চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের বিজয় মিছিলে গিয়ে অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফজলুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ এলাকার ফার্মপাড়া ভোটকেন্দ্রের বেসরকারি ফল প্রকাশের পর বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নিয়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার জেসি তাকে মৃত ঘোষণা করেন।

ফজলুর রহমানের ভাই নজির হোসেন বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। বিজয় মিছিলে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জানান, তিনি জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে নেতৃবৃন্দ।

হুসাইন মালিক/এমএন/জেআইএম