জাতীয়

৩ আসনের ফল ঘোষণা করবে না ইসি

আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২, চট্রগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে বিষয়টি জানা যায়।

চট্টগ্রাম-৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২ ৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশ নিতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আর, চট্টগ্রাম-২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৭৯ চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশ নিতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব সরোয়ার আলমগীর এর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় এ আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, শেরপুর-২ আসনের জন্য জারি চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ১৪৪ শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশ নিতে পারবেন। তবে মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ এর চূড়ান্ত আদেশের ওপর মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়েছে।

২৯৯টি আসনে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিয়েছেন।

এসএম/এএমএ