ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বেসরকারি ফলাফলে তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১ জন; মোট কেন্দ্র ছিল ১১৭টি। সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শামা ওবায়েদ ইসলামের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমান। তার মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর ধরে নিজ নির্বাচনি এলাকায় কাজ করে আসছিলেন শামা ওবায়েদ। এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান। কে এম ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছিলেন। শামা ওবায়েদ ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজয় বরণ করেন।
এন কে বি নয়ন/ইএ/জেআইএম