দেশজুড়ে

মানিক সাহেবকে বলেছি, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি’র প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি বিজয় পেয়েছি, এটা বড় ইস্যু না। বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষের জয়, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ। সহিংসতামুক্ত একটি নির্বাচন আমরা পেয়েছি। ফেনীতে ৫৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদেরকে স্বাগত জানাই।

ভোটের ফলাফল নিতে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে বৃহস্পতিবার রাতে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন৷

মিন্টু বলেন, ‘পরিকল্পনা একটাই, ফেনীর উন্নয়ন। ফেনীর সন্তান হিসেবে আমরা এই জেলার উন্নয়ন চাই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে ফেনীর উন্নয়নমূলক কাজগুলো করতে পারব। তিনি ফেনীর দিকে নজর দেবেন, আমরাও তাকে সহযোগিতা করব।’

‘ফেনী-৩ আসনের বড় সমস্যা নদী ভাঙ্গন। এটি প্রাধান্য দিয়ে কাজ করবো। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। সোনাগাজীতে শিল্পায়নকে উন্নত করার বিষয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।’

আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, ‘আপনি যদি একটি দেশের, একটি সমাজের উন্নয়ন করতে চান তাহলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমি এখানে আসার আগে প্রতিদ্বন্দ্বী মানিক সাহেবের (ফেনী-৩ আসনে পরাজিত জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক) সাথে কথা বলেছি। বলেছি, আমরা একসাথে বসবো, চা খাবো। হেরে যাওয়া, জিতে যাওয়া অন্য জিনিস। সবাইকে নিয়ে আমরা ফেনীর উন্নয়ন করব।’

এ সময় ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, মিন্টুর ছেলে তাজওয়ার এম আউয়াল, দাগনভূঞাঁ উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমদ ডিপলুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএএম/আইএইচএস/