ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি সংসদীয় আসন- ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) ও ১২৬ ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) উভয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ঝালকাঠি-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় এ আসনে মোট ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সব কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।
দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে বিজয়ী হন রফিকুল ইসলাম জামাল। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬ এবং ‘না’ ভোট পড়েছে ২৯ হাজার ৫৯১।
তবে ঝালকাঠি-২ আসনে বড় ব্যবধানে জয় এ আসনে মোট ১৪৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা শেষে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এই আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭ এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০।
জেলার দুই আসনেই সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেল থেকে গণনা শুরু হয়ে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফলাফল ঘোষণার পর জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মো.আমিন হোসেন/এনএইচআর/এএসএম