রাজনীতি

শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন, মোটামুটি খুশি বিএনপি: নজরুল ইসলাম খান

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন ব্যাপার। তবে দলটি মোটামুটি খুশি। অতীতে নির্বাচন ঘিরে অনেক প্রাণহানি হলেও এবার তেমন কিছু হয়নি।

ভোটের অফিসিয়াল চূড়ান্ত ফলাফল জানতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত সাংবাদিকরা নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার প্রবণতা দেখা গেছে। সবাইকে পুরোপুরি ভোটে আনতে পারিনি। আমরা জনগণকে ভোটমুখী করবো। যেন সব মানুষ ভোটকেন্দ্রে আসে। তারপরও বাংলাদেশের জন্য আজ একটি উল্লেখযোগ্য দিন।  

ভোট কেমন হলো—জানতে চাইলে তিনি বলেন, শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন ব্যাপার। বিএনপি মোটামুটি খুশি। আগের অনেক ভোটে অনেক প্রাণ গেছে। তবে এবার আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কিছু হয়নি।

নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশের জনগণ আমাদের কর্মপরিকল্পনা জানতে পেরেছে এবং সে অনুযায়ী আমাদের ভোট দিয়েছে। 

জুলাইয়ের শক্তি নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা ছিল। এখন সেই পরিকল্পনার কী হবে—জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আপনারা যেভাবে বললেন, আমার তো সেটা জানা নেই। যে ল্যাঙ্গুয়েজে বললেন সেই ল্যাঙ্গুয়েজে আমি কখনো বলিনি।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ইসিতে আমাদের সঙ্গীরা ছিলেন। আমরা রেজাল্ট যতটুকু পেয়েছি তাতে দুই-তৃতীয়াংশ বা তারও বেশি আসনে বিজয়ী হয়েছি। বিএনপি জোটেরও অনেকে বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি, এর মাধ্যমে দেশের জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব বিএনপি এবং বিএনপি নেতা তারেক রহমানের ওপর দিয়েছেন। আমরা গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছি।

জনগণের রায় প্রতিফলিত না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলছে জামায়াত? এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২৯২ আসনে আমাদের প্রার্থী মনোনীত করেছিলাম। আশা করেছিলাম সবাই জিতবে। কিন্তু অনেকে জয়ী হতে পারেননি। কেউ ৫০০ ভোট পায়, সে-ও বিজয়ী হওয়ার আশা করেছিল। আশা করি আগামীতে ফলাফল আরও ভালো হবে।

এমওএস/এমকেআর