শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও নাসরিন স্পোর্টস একাডেমির পর নারী ফুটবল লিগে চ্যাম্পিয়নের তালিকায় নাম লিখিয়েছে রাজশাহী স্টারস এফসি।
প্রথমবারে নারী লিগে এসে চ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী দল গঠন করেছিল রাজশাহী স্টারস। ঋতুপর্ণা, আফঈদা, শিউলি আজিম আর আলপি আক্তারদের মতো খেলোয়াড় নিয়ে অভিষেকেই ট্রফি নিয়ে ঘরে ফিরেছে নতুন দলটির মেয়েরা।
শুক্রবার লিগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ড্র করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হতো রাজশাহীর। লিগটাকে প্লে-অফ পর্যন্ত টেনে নিতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ সেনাবাহিনীর। তবে শেষ ম্যাচে সেনাবাহিনীর বিরুদ্ধে জিতেই বিজয় উৎসব করেছেন ঋতুপর্ণা,আফঈদারা। ৩-০ গোলে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস।
কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। যদিও বল দখলে রাজশাহীর চেয়ে কিছুটা এগিয়ে ছিল সেনাবাহিনী। রাজশাহীর বেশির ভাগ আক্রমণ সেনাবাহিনীর গোলমুখেই ভেস্তে গেছে। প্রথমার্ধে রাজশাহীকে আটকে রাখা গেলেও দ্বিতীয়ার্ধে সম্ভব হয়নি।
বিরতির পর মাঠে নেমেই গোল উদ্যাপন করে রাজশাহী। ডান প্রান্ত দিয়ে ঢুকে সেনাবাহিনীর রক্ষণ ভাঙেন সৌরভী আকন্দ প্রীতি। তার বাড়ানো পাস থেকে আলতো টোকায় বল জালে জড়ান আলপি। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। ৮৮ মিনিটে রাজশাহীকে তৃতীয় গোল এনে দেন ঋতুপর্ণা।
১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজশাহী। সেনাবাহিনী মৌসুম শেষ করলো ২৪ পয়েন্ট নিয়ে। ৩০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন রাজশাহীর আলপি আক্তার।
এমএমআর/এমএস