দেশজুড়ে

হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, গত তিন দিনে হাতিয়া দ্বীপে আমার চার শতাধিক নেতাকর্মীর বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালিয়েছেন বিএনপি কর্মীরা। এতে শতাধিক আহত হয়েছেন। এখনো অনেকে বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে আছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ওছখালীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

হান্নান মাসউদ বলেন, দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দ-উল্লাস করার পরিবর্তে ভীত-সন্ত্রস্ত। কারণ বিএনপির লোকজন কুখ্যাত সব ডাকাত, জলদস্যু, বনদস্যুদের ভাড়া করে এনে বিভিন্ন স্থানে হামলা লুটপাট করাচ্ছে। হাতিয়ার ইতিহাসে এমন সন্ত্রাস আগে হয়নি। আমি এসব বন্ধ চাই, দ্বীপ হাতিয়ায় শান্তি চাই।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তির কথা বলেন। এখানে হামলাকারীরাতো তার দলেরই সদস্য। তিনি আগামীর প্রধানমন্ত্রী। আমি হাতিয়ার ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে তার কাছে এসব বিষয়ে সুনির্দিষ্টভাবে বিচার চাইবো।

এনসিপি নেতা হান্নান মাসউদ বলেন, তারা (বিএনপি) আমার চার শতাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করেছে। এসময় আমাদের কমপক্ষে একশজনকে গুরুতর আহত করেছে। জুলাই আন্দোলনের মতো লোকজনকে আহত করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ভোটের দিন সকালে আমি এবং আমার স্ত্রী ও পরিবারের গাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম। তবে হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে এসব সন্ত্রাসীদের প্রতিহত করেছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের পৌরসভার মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদেরসহ আহতদের অনেকে উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হারিয়ে এমপি নির্বাচিত হন আবদুল হান্নান মাসউদ। ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি) পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম (ধানের শীষ) পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম