দেশজুড়ে

প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর

প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাসভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য শেষে রফিকুল ইসলাম জামাল প্রকাশ্যে ঘোষণা দেন, অভিযুক্ত নেতার বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন অভিযুক্ত মিজানুর রহমান কালামকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে অভিযোগের বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম জাগো নিউজকে বলেন, আমাদের নব নির্বাচিত এমপি তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। আমরা ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তদন্ত করে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ উপজেলা বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বহিষ্কারাদেশ জারি করা হয়নি বলে তিনি জানান।

অভিযুক্ত মিজানুর রহমান কালাম বলেন, তিনি শুক্রবার দুপুরের পর কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং জবাব দেওয়ার জন্য এক দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে শুক্রবার রাতেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছেন। এখন পর্যন্ত তিনি কোনো লিখিত বহিষ্কারপত্র পাননি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা, হামলা বা দলীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে।

আমিন হোসেন/এফএ/জেআইএম