দেশজুড়ে

ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী মো. আবু তাহের তালুকদার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ওই আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি মো. আবু তাহের তালুকদার অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে।

আবু তাহের তালুকদার অভিযোগ করেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ স্থগিত করে কেন্দ্র ত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে স্বল্প সময়ের জন্য পুনরায় ভোটগ্রহণ করা হয়। এছাড়া অন্য একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটারদের পরিচয় নিশ্চিত না করেই ব্যালট পেপার সরবরাহের অভিযোগ তোলেন তিনি। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার আগেই তার এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করা হয় এবং আপত্তি জানালে প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়।

অন্যদিকে মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুথের সংখ্যা কমিয়ে কৃত্রিম দীর্ঘ লাইনের সৃষ্টি করা হয়, যার ফলে অনেক নারী ভোটার ভোট দিতে না পেরে কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, উপজেলার নারায়ণডহর বাজার, বিশকাকুনীর ধোবারুহি বাজার এবং ধলামূলগাঁও এলাকায় তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে, এর প্রেক্ষিতে থানায় দুটি পৃথক অভিযোগ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৬৫৭।

আবু তাহের তালুকদার দাবি করেন, এই অনিয়ম ও কারচুপি না হলে ফলাফল তার পক্ষেই আসতো। তিনি অবিলম্বে ফলাফল স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এর আগে এসব বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা ৮১ হাজার ২৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৮ হাজার ৬৭৯ ভোট।

এইচ এম কামাল/এমএন/এএসএম