সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলোর এক বিশাল অংশ জয়লাভ করেছেন। যদিও সরাসরি মাঠের তারকাদের উপস্থিতি এবার কিছুটা কম ছিল, তবে ক্রীড়া প্রশাসনের সঙ্গে জড়িত বা সাবেক সংগঠকদের জয়ের হার ছিল চোখে পড়ার মতো। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক বাফুফে সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের শীর্ষ কর্তারা।
ভোলা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সত্তরের দশকে পাকিস্তান জাতীয় দল এবং ঢাকা মোহামেডানের মাঠ কাঁপানো এই স্ট্রাইকার বাফুফের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ঢাকা-৮ আসন থেকে জয় পেয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সংগঠক মির্জা আব্বাস।
নির্বাচনের ফলাফলে ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান ও আবাহনীর সাবেক ও বর্তমান সংগঠকদের আধিপত্য দেখা গেছে। কুমিল্লা-৬ আসন থেকে জয়ী হয়েছেন মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা মনিরুল হক চৌধুরী। কিশোরগঞ্জ-৬ থেকে জয় পেয়েছেন ক্লাবের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম। এছাড়া খুলনা-৫ আসন থেকে বিজয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি।
রাজধানীর ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন নিজ নিজ আসনে বিজয় লাভ করেছেন।
ক্রীড়া সংগঠকদের পাশাপাশি সাবেক খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন এহসানুল হক মিলন। চাঁদপুর-১ আসন থেকে জয়ী এই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী একজন ভলিবল খেলোয়াড় হিসেবে পরিচিত। তবে হেরে গেছেন সাফজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক। তিনি ঢাকা-১৬ আসনে নির্বাচন করেছিলেন।
এসকেডি/এমএমআর/এএসএম