ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছেন রাঙ্গামাটি-২৯৯ নম্বর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি এক লাখ ৬৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে পরাজিত করেন। পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ এক হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি আসনে দুই লাখ ৭৪ হাজার ১৮ ভোট পড়েছে। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১০ হাজার ১৫২ এবং বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৮৬৬। ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাঙ্গামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন।
নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন, তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে ও দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানের ওপর সঁপে দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমাদের এই জয় একটি চ্যালেঞ্জিং জয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে।
রাঙ্গামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, দীপেন দেওয়ানের সততা, নিষ্ঠা ও দলের প্রতি তার ত্যাগ, ধৈর্য সবকিছুর কারণসহ তারেক রহমানের ‘সবার আগে দেশ’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে রাঙ্গামাটির মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের জন্য আমি দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানাচ্ছি। এতে তাকে সম্মানিত করা হবে এবং দল ও স্থানীয় জনগণকেও মূল্যায়ন করা হবে বলে আমি মনে করছি।
আরমান খান/এমএন/জেআইএম