দেশজুড়ে

গাজীপুরে ভাড়া বাসায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ

গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া সরকারবাড়ি এলাকায় এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শরীফা (৩৮)। তিনি দুই ছেলে ও এক কন্যার জননী। তার স্বামীর গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে। তিনি বাসন এলাকার সরকার বাড়িতে একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সন্তানদের ঘুমাতে বলে নিজ কক্ষে প্রবেশ করেন শরীফা। রোববার দুপুরে ঘুম থেকে উঠে তার দুই ছেলে ঘরের ভেতর মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে নিহতের কন্যা ও তার স্বামী ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম