দেশজুড়ে

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তালাক, ঘরছাড়া তারাফুল বেগম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঘরছাড়া হয়েছেন তারাফুল বেগম (৫৫) নামের এক নারী। এমনকি তাকে তালাকও দিয়েছেন স্বামী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। সেদিন থেকে স্বামীর ঘর ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।

তারাফুল খাতুনের স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির এক কর্মী বলে জানা গেছে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত আত্মীয়ের বাড়িতেই ছিলেন তারাফুল বেগম।

তারাফুল বেগম জাগো নিউজকে বলেন, ‌‘অন্তত ৩৩ বছর ধরে স্বামীর সংসার করে আসছি। আমাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এবার নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। এজন্য আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমনকি মৌখিক তালাকও দিয়েছেন। এখন আমি আমার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছি।’

জানতে চাইলে তারাফুলের স্বামী সৈবুর রহমান বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় বউকে মৌখিক তালাক দিয়ে দিয়েছি। আমি তাকে ফেরত আনতে চাই। কিন্তু আমার স্ত্রী আসতে চাচ্ছে না।’

এ বিষয়ে জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমির আব্দুল আজিজ মাহমুদ বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য যেহেতু তারাফুল খাতুনকে তালাক দেওয়া হয়েছে, সেহেতু দল তার সব প্রয়োজনে পাশে থাকবে।’

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, ‘ভোট একটি গণতান্ত্রিক অধিকার। ভোট দেওয়াকে কেন্দ্র করে সৈবুর রহমান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’

সোহান মাহমুদ/এসআর/এএসএম