বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, তারা শপথ গ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। শপথ নিয়ে সংসদে গিয়ে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, আমরা শপথ নেবো, সংসদে যাবো এবং সেখানে গঠনমূলক ভূমিকাও রাখবো। একই সঙ্গে আমাদের জন্য রাজপথও খোলা থাকবে।
বিরোধীদলীয় নেতা, উপ-নেতা ও চিফ হুইফ নির্বাচনের বিষয়ে তিনি জানান, এ সিদ্ধান্ত নির্বাচিত সংসদ সদস্যরাই নিজেদের মধ্যে বৈঠক ও ভোটাভুটির মাধ্যমে নেবেন। শপথগ্রহণের পর আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়। আযাদ বলেন, নির্বাচনের তিনটি ধাপ রয়েছে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রকাশ। ভোটগ্রহণ পর্বে অতীতের তুলনায় কিছু গুণগত পরিবর্তন দেখা গেলেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বড় ধরনের খুনাখুনি বা সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে জাল ভোট, কালো টাকার ব্যবহার, কোথাও কোথাও হুমকি-ধমকি, সন্ত্রাস, মারামারি বা হামলার ঘটনা ঘটেছে। বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে এগুলো উদ্বেগের কারণ।
তিনি কমিশনের প্রতি অভিযোগগুলো তদন্ত করে স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তার মতে, তা সম্ভব হলে সেটিই হবে বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক।
এমওএস/এএমএ