প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী সরকারের সার্বিক কার্যক্রমের ৯০ শতাংশ সফল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের সাফল্যের ব্যাপারে ব্যক্তিগত এ অভিমত ব্যক্ত করেন।
অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন অর্ডিনেন্স ও নির্বাহী আদেশ নিয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, সরকারের জারি করা অধিকাংশ অর্ডিন্যান্সই ভবিষ্যৎ সংসদে আইনে পরিণত হবে বলে তারা আশাবাদী।
তিনি বলেন, আমরা মনে করি প্রত্যেকটি অর্ডিন্যান্সই আইনে পরিণত হবে। আমরা জনআকাঙ্ক্ষার সরকার- এটা একটা বিপ্লবের ফসল। জনগণ যারা এই পরিবর্তন এনেছেন, আমরা তাদের প্রতিনিধিত্ব করি।
তিনি দাবি করেন, সরকারের নেওয়া পদক্ষেপগুলোর লক্ষ্য ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের অধিকার সমুন্নত রাখা এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা।
তিনি বলেন, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং ব্যাংকিং খাত ও অর্থনীতিকে আরও গতিশীল করার উদ্দেশেই এসব আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স, কিছু ক্ষেত্রে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। সংসদ বসলে এগুলো পাস হবে বলে আমরা আশা করছি।
সরকারের সফলতা প্রসঙ্গে নিজের দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতার কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, আমি ৩০ বছর সাংবাদিকতা করেছি। গত ১৮ মাস এই সরকারকে খুব কাছ থেকে দেখেছি। যে ধরনের ভঙ্গুর অর্থনীতি, যে ধরনের দুর্বল প্রতিষ্ঠান ও যে ধরনের ডেমোক্রেসি আমরা পেয়েছি- সেই প্রেক্ষাপটে বিচার করলে, আমার ব্যক্তিগত মতামতে এই সরকার ৯০ শতাংশ সফল।
তিনি আরও বলেন, সরকারের কাজ মূল্যায়নের ক্ষেত্রে পৃথকভাবে মন্ত্রণালয়ভিত্তিক অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করা উচিত। এক-দুটি বিষয় আলাদা করে দেখলে পূর্ণ চিত্র ধরা পড়ে না।
এমইউ/এএমএ