দেশজুড়ে

মালয়েশিয়া নেওয়ার নামে গুদামে বন্দি, নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে একটি বসতঘরের গুদামে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‍্যাব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার শীর্ষ মানবপাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৫ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অভিযানিক দল উক্ত বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

পরবর্তীতে উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/জেআইএম