দেশজুড়ে

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে বিদ্যালয়ের কর্মচারীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দামুড়হুদা হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম হারুন অর রশিদ (৩৯)। তিনি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে।

হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত হারুন অর রশিদ।

আহত হারুন অর রশিদ বলেন, ‌‘আমি সকাল থেকে অফিসের কাজ করছিলাম। পরে নাশতা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি। হঠাৎ দুজন এসে আমার ওপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় আমার চিৎকারে স্থানীয় ও স্কুলের শিক্ষকরা ছুটে এসে আমাকে উদ্ধার করেন। তারাই আমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে কে বা কারা আমার ওপর এমন অতর্কিত হামলা করেছে জানি না।’

জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন বলেন, আহত অবস্থায় একজনকে ইমারজেন্সিতে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। দুই হাত ও পেটে আঘাতের চিহ্ন। প্রাথমিক চিকিৎসা শেষে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।’

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, অপরাধীদের আটক করতে পুলিশের দুটি টিম কাজ করছে। যতটুকু জেনেছি, পারিবারিক কোনো দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে। তবে প্রকৃত ঘটনা উন্মোচনে পুলিশ কাজ করছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম