মাদারীপুরের শিবচরে একটি ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল সংখ্যক নকল শিশুখাদ্য জব্দ করা হয়। এই অপরাধে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান শেষে দুই জনকে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের কালাম বেপারীর ছেলে রমজান বেপারী (২০) ও একই উপজেলার দ্বিতীয়খন্ড গ্রামের চুন্নু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচরের বাঁশকান্দিতে একটি কারখানা খুলে দীর্ঘদিন ধরে কেমিক্যাল ও পাউডারের মিশ্রনে শিশুদের খাবার তৈরি করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালতের দল। ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ জুস, আইস ললি, চাটনি চকলেট, চিপসসহ ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। এই ঘটনায় কারখানার মালিক রমজান বেপারী ও তার সহযোগী রাসেল মোল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রমজানকে একমাস ও রাসেলকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ভেজাল শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/জেআইএম