খেলাধুলা

ইয়ামালের মিসে শীর্ষে ফেরা হলো না বার্সার

কাতালান ডার্বিতে লামিনে ইয়ামালের পেনাল্টি মিসে লা লিগার শীর্ষে ফেরা হলো না বার্সেলোনার। জিরোনার বিপক্ষে জমজমাট লড়াইয়ে ২-১ ব্যবধানে হেরে শিরোপা দৌঁড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়লো ক্লাবটি দুই পয়েন্টে।

গতকাল সোমবার জিরোনা ঘরের মাঠে ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান বেলত্রানের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে এবং অবনমন শঙ্কা কিছুটা দূর করে। জয়সূচক গোলের আগে বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দেকে ফাউলের অভিযোগ ওঠে। তবে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সংক্ষিপ্ত পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন।

জিরোনা ১০ জনের দলে পরিণত হয় যোগ করা সময়ের মাঝামাঝি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা জোয়েল রোকা বিপজ্জনক ট্যাকেল করে ফেলে দেন লামিনে ইয়ামালকে। ফলে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। এরপরও সমতা ফেরাতে ব্যর্থ হয় বার্সেলোনা। জিরোনার বিপক্ষে লিগে এটি তাদের মাত্র তৃতীয় হার।

ম্যাচের শুরু থেকেই জিরোনা ছিল আক্রমণাত্মক। অন্যদিকে বার্সা ছিল কিছুটা মন্থর বা ধীরস্থির। নষ্ট করে একাধিক সহজ সুযোগ। লামিনে ইয়ামাল দু’বার কাছ থেকে গোলের সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পোস্টে মারেন।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডান দিক থেকে কুন্দের ক্রস পেয়ে বার্সার সেন্টার-ব্যাক পাও কুবারসি হেডে বল জালে পাঠিয়ে দলকে এনে দেন লিড। ক্লাবের জার্সিতে এটি তার প্রথম লিগ গোল।

পিছিয়ে পড়েও দুই মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় জিরোনা। ভ্লাদিস্লাভ ভানাতের পাস থেকে টমাস লেমার সহজ ট্যাপ-ইনে গোল করে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম লেখান।

এর কিছুক্ষণ পর ৭১ মিনিটে আবারও বল জালে জড়ায় জিরোনা। ভিক্টর সিগানকভের হেড গোলকিপার ঠিকমতো ধরতে না পারায় গোললাইন বরাবর ধাক্কার কারণে ফাউলের সিদ্ধান্ত দেওয়া হয়।

৮৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়। বেলত্রান বলটি নিচু দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান। বিল্ড-আপে কুন্দেকে ফাউল করার দাবি বার্সা জানালেও গোলটি বহাল থাকে।

তিন ম্যাচের জয়হীন ধারার অবসান ঘটিয়ে জিরোনা লিগ তালিকায় ১২তম স্থানে উঠে এসেছে এবং অবনমন অঞ্চলের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে বার্সেলোনার টানা তিন ম্যাচের জয়ের ধারা থেমে গেল।

আইএন