জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি

নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪৫টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের (সরকারি যানবাহন অধিদপ্তর) মাধ্যমে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের নিচে এবং সামনে গাড়িগুলো রাখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট ৬৮টি গাড়ি রয়েছে, এর মধ্যে ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হচ্ছে। তবে ৪৫টি গাড়িই লাগবে না, এর মধ্যে চার-পাঁচটা বেশি রাখা হয়েছে। কারণ, কোনো গাড়িতে সমস্যা দেখা দিলে যেন এখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি, কিছু মিটসুবিশি ল্যান্সারও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িগুলো সচিবালয় চত্বরে প্রস্তুত থাকছে। গাড়িগুলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবে। নির্দেশনা পেলে একজন লিঁয়াজো অফিসারসহ ড্রাইভার গাড়ি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বাসায় চলে যাবেন।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। এজন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রিসভা গঠনের সচিবিক কার্যক্রম করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ ৪৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলেছে। আমরা প্রস্তুত রেখেছি। ৪৫ জন ড্রাইভারও প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বিষয়টি তদারকিও করছেন।

গাড়িগুলোতে ফ্ল্যাগস্ট্যান্ড লাগানো রয়েছে। গাড়িগুলো নতুন মন্ত্রিসভার সদস্যদের বাড়িতে তাদের আনতে পাঠিয়ে দেওয়া হবে। গাড়িগুলোতে করে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার জন্য যাবেন।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

তবে, মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে দশভাগের নয়ভাগ সংসদ-সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ দশভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন বলে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া আরও ২০ জন উপদেষ্টা রয়েছেন।

আরএমএম/এএমএ