লাইফস্টাইল

মেকআপের আগে প্রাইমার ব্যবহার জরুরি কেন?

 

প্রত্যেক নারী নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে মেকআপ করতে ভালোবাসেন। কিন্তু মেকআপ ঠিকভাবে না বসলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই সাজের প্রথম ধাপ হিসেবে এখন অনেকেই প্রাইমার ব্যবহার করেন। প্রাইমার মূলত ত্বক ও মেকআপের মধ্যে একটি মসৃণ স্তর তৈরি করে, যাতে ফাউন্ডেশন ভালোভাবে বসে এবং দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

এক সময় শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করেই মেকআপ শুরু করা হতো। এখন পেশাদার রূপচর্চা বিশেষজ্ঞরা ময়েশ্চারাইজারের পর প্রাইমার ব্যবহারের পরামর্শ দেন। প্রশ্ন হলো,যদি কেউ প্রাইমার ব্যবহার না করে সরাসরি ফাউন্ডেশন লাগান, তাহলে কি খুব বড় ক্ষতি হবে?

ত্বক বিশেষজ্ঞদের মতে, প্রাইমার মেকআপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ত্বকের খুঁত সাময়িকভাবে ঢেকে দেয় এবং ত্বকের উপর একটি মসৃণ বেস তৈরি করে। ওপেন পোরস থাকলে তা আড়াল করতে সাহায্য করে, সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখে।

প্রাইমার ছাড়া সরাসরি ফাউন্ডেশন লাগালে কিছু সমস্যার মুখোমুখি হতে হতে পারে। ওপেন পোরস থাকলে ফাউন্ডেশন বা কনসিলারের কণা সেই ছিদ্রের মধ্যে জমে যেতে পারে। ত্বক অমসৃণ বা খসখসে হলে মেকআপ সমানভাবে বসে না। বলিরেখা সহজে ঢাকা যায় না এবং অতিরিক্ত ঘাম বা তেল নিঃসরণ হলে মেকআপ দ্রুত গলে যেতে পারে। বিশেষ করে গরম বা আর্দ্র আবহাওয়ায় এই সমস্যা আরও বেশি দেখা দেয়।

অনেকের ধারণা, প্রাইমার ছাড়া মেকআপ করলে ব্রণ বেড়ে যায়। তবে চিকিৎসকদের মতে, প্রাইমার না মাখা এবং ব্রণের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার যদি পোরসের মধ্যে জমে থাকে এবং তা ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে ব্ল্যাকহেডস বা ব্রণের সমস্যা বাড়তে পারে। তাই মেকআপ করার মতোই সঠিকভাবে তা তুলে ফেলা অত্যন্ত জরুরি।

তবে প্রাইমার ব্যবহার সবার জন্য বাধ্যতামূলক নয়। যাদের ত্বক স্বাভাবিক, মসৃণ এবং খুব বেশি ভারী মেকআপের প্রয়োজন হয় না, তারা প্রাইমার ছাড়াও মেকআপ করতে পারেন। কিন্তু যাদের ত্বকে ওপেন পোরস, অতিরিক্ত তেলতেলে ভাব বা অমসৃণ টেক্সচার রয়েছে, তাদের ক্ষেত্রে প্রাইমার ব্যবহার করলে মেকআপ অনেক বেশি নিখুঁত দেখায়।

প্রাইমার না মাখলে বড় কোনো ক্ষতি নাও হতে পারে, তবে মেকআপের ফিনিশ এবং স্থায়িত্বে পার্থক্য অবশ্যই বোঝা যাবে। নিখুঁত ও দীর্ঘস্থায়ী মেকআপ চাইলে প্রাইমার হতে পারে আপনার পছন্দের বিষয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল ইন্ডিয়া

আরও পড়ুন:একটি নেইলপলিশের দামে কেনা যায় বিলাসবহুল গাড়ি  হেয়ার এক্সটেনশন ব্যবহারে ক্যানসার ও বন্ধ্যাত্বের ঝুঁকি 

এসএকেওয়াই