আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমারে জায়গা প্রাপ্তি নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচেই নেইমারকে স্কোয়াডে রাখেননি কার্লো আনচেলত্তি।
তবে এবার আনচেলত্তি কিছুটা আশার বাণী শোনালেন নেইমারকে নিয়ে। স্পষ্ট করে বলেছেন, ‘আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। আমি সেই খেলোয়াড়দেরই ডাকবো, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।’
বিভিন্ন মহল থেকে নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত করার দাবিও উঠেছে। গত মাসে ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে ভক্তরা নেইমারের নাম ধরে স্লোগান দেন। আনচেলত্তি বলেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে ইতিহাস তৈরি করেছে এবং এখনো করছে। সে অসাধারণ প্রতিভাবান। তাই মানুষ মনে করতেই পারে, সে আমাদের পরের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।’
গত বছরের ২২ ডিসেম্বর বাম হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করান নেইমার। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতেও তিনি আরেকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারেন।
আনচেলত্তি জানান, ডিসেম্বরে ইনজুরির পর নেইমার ভালোভাবেই সেরে উঠছে। সে এখন গোল করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে। সে সঠিক পথেই আছে।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও সান্তোসের হয়ে মাঠে নামা না হলেও গত শনিবার অ্যাটলেটিকো মিনেরিওর বিপক্ষে সান্তোসের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার।
সান্তোস কোচ কুকা বলেন, ‘প্রতিটি ম্যাচেই নেইমার উন্নতি করছেন। অনুশীলনের পরও সে বাড়তি সময় দিচ্ছে। বল নিয়ে তার মুভমেন্ট অনেক ভালো হয়েছে এবং আরও উন্নতি করবে। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানো ঝুঁকিপূর্ণ, সে পারবে কিনা তা দেখে সিদ্ধান্ত নিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা খুশি যে সে আবার খেলাটা উপভোগ করছে।’
আইএন