দেশজুড়ে

‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ নিলেন স্বতন্ত্র এমপি রেজওয়ানুল হক

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এ জে এম রেজওয়ানুল হক আজ দ্বৈত শপথ গ্রহণ করেছেন। তিনি প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে তিনি সকাল ১১টার সময় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

জানা যায়, সকালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। পরে জাময়ায়াতে ইসলামী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। দেরীতে আসায় তাদের সঙ্গে শপথবাক্য কাঠ করেন ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। তাদের সঙ্গে শপথ নেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করা এ জে এম রেজওয়ানুল হক। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। তবে তাদের সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ ২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক।

কিন্তু সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে বিএনপির কোনো সংসদ সদস্য বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য এই শপথ গ্রহণ করেননি। শুধু মাত্র জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বিষয়টি জানার জন্য সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেনি। অপরদিকে, তার ভাই পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেএম মেনহাজুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

এমদাদুল হক মিলন/কেএইচকে/এএসএম