ভারতে শুরু হয়েছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনের অফিসিয়াল ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উঠা বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিজিটাল ভারত ক্যাম্পেইনের অংশ হিসেবে শুরু হয় এআই সামিট।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। প্রথমে গ্লোবাল ভিশনারিজ তালিকায় বিল গেটসের নাম ওপেনএআই-এর স্যাম অল্টম্যান এবং গুগলের সুন্দর পিচাইয়ের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল।
এই সামিটে যোগ দিতে বিল গেটস ভারতে পৌঁছালেও শেষ মুহূর্তে সম্ভাব্য বিতর্ক এড়াতে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) অন্ধ্র প্রদেশের অমরাবতীতে গন্নাভরম বিমানবন্দরে বিল গেটসকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী নারা লোকেশ ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
এক্স-এ এক পোস্টে নারা লোকেশ লেখেন, মিস্টার বিল গেটসকে অমরাবতীতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ গেটস ফাউন্ডেশনের চেয়ারকে গন্নাভরম বিমানবন্দরে অভ্যর্থনা জানানো আমাদের জন্য সম্মানের।
তবে বিল গেটসের এই সফর ঘিরে সমালোচনা শুরু হয়। বিরোধী কংগ্রেস দল অন্ধ্র প্রদেশের সরকারকে গেটসকে আমন্ত্রণ জানানোর জন্য সমালোচনা করে।
কংগ্রেস নেতা অনুপ ধোটে বলেন, এপেস্টেইন ফাইলসে তার নাম একাধিকবার এসেছে, এমনকি ছবিও রয়েছে। এসব জানার পর কারওই তার সঙ্গে সাক্ষাৎ করা উচিত নয়।
অন্যদিকে এপেস্টেইনের সঙ্গে যোগাযোগ এবং যৌন কেলেঙ্কারির সকল ধরনের অভিযোগ অস্বীকার করেছেন বিল গেটস। তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
সূত্র: দ্য স্টেটসম্যান
কেএম