দেশজুড়ে

প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম, এলাকায় আনন্দের জোয়ার

প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানাগেছে, বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ ইসলাম। তিনি ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরও সুসংহত করেন শামা। তার পুরো নাম শামা ওবায়েদ ইসলাম। ডাক নাম রিংকু। পেশা রাজনীতি ও ব্যবসায়ী।

প্রাথমিক জীবন শামা ওবায়েদ ইসলাম রিংকু ১৯৭৩ সালের ১৪ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কে এম ওবায়দুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৭৯ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন। তবে ২০০১ সালে ওবায়দুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিত্ব করেন।

শিক্ষা জীবন শামা ওবায়েদ ইসলাম রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন, তারপর তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী হন। সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দীর্ঘ ৬ বছর যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

কর্মজীবনশামা ওবায়েদ রাজনীতিবিদ পরিবার থেকে এসেছেন, তার বাবা কে এম ওবায়দুর রহমান ২০০৭ সালে মারা যান। ২০০৮ সালে নগরকান্দা, ফরিদপুর আসন-২ থেকে জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি থেকে) মনোনয়ন পান। কিন্তু আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজিত হন।

ব্যক্তিগত জীবনব্যক্তিগত জীবনে শামা ওবায়েদ ইসলাম রিংকু শোভন ইসলামকে বিয়ে করেছিলেন, তিনি মাজহারুল ইসলামের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ভিসি) ছেলে। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফরিদপুর-২আসন থেকে (নগরকান্দা, সালথা) ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। শামা ওবায়েদ তার নির্বাচনি এলাকায় জনগণের পাশে থেকে ব্যাপক কাজ করেছেন। সেই কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

এন কে বি নয়ন/এএইচ/এমএস