দেশজুড়ে

ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর দেশে ফিরেছে ২৮ বাংলাদেশি শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন।

জানা গেছে, ফেরত আসা শিশুদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। তাদের অধিকাংশেরই বাবা অথবা মা ভারতের কারাগারে সাজাভোগ করছেন। এসব শিশুদের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এসব শিশুরা বাবা-মায়ের সাথে অবৈধভাবে সীমান্ত পার হয়েছিল। সেখানে পুলিশের হাতে ধরা পড়লে বাবা-মায়ের জেল হয়। অভিভাবকহীন হয়ে পড়ায় শিশুদের পশ্চিমবঙ্গের সরকারি সেফ হোমে রাখা হয়েছিল। দীর্ঘ চেষ্টার পর দুই দেশের উচ্চপর্যায়ের সমঝোতায় তারা ফিরতে পারল।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, ভারত থেকে ফেরত আসা ২৮ জন শিশুকে থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি তিনটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোর এর কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান বলেন, ফেরত আসা ২৮ শিশুকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।

এসময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বিজিবি, দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস