চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ম্যাচ চলাকালে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এই ঘটনার জেরে লিসবনের এস্তাদিও দ্য লুজে ম্যাচটি দ্বিতীয়ার্ধে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে।
ম্যাচের ৫০তম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়ুস। গোল উদযাপনের সময় কর্নার ফ্ল্যাগের কাছে উদযাপন করতে গেলে বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তার সঙ্গে কথা বলেন। এ সময় প্রেস্টিয়ান্নিকে জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলতে দেখা যায়। এরপরই ভিনিসিয়ুস তাকে ইঙ্গিত করে সরাসরি রেফারির কাছে অভিযোগ জানান।
রেফারি ফ্রাঁসোয়া লেতেশিয়ে ‘ক্রসড আর্ম’ সংকেত দিয়ে বর্ণবাদী অভিযোগের প্রোটোকল কার্যকর করেন এবং ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস লেখেন, ‘বর্ণবাদীরা আসলে কাপুরুষ। নিজেদের দুর্বলতা লুকাতেই তারা মুখ ঢেকে কথা বলে।’
তবে ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে অভিযোগ অস্বীকার করেন প্রেস্টিয়ান্নি। তিনি বলেন, ‘আমি কখনও ভিনিসিয়ুসকে বর্ণবাদী কিছু বলিনি। সে ভুল বুঝেছে। আমি কখনও কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি।’
ঘটনার সময় ভিনিসিয়ুসকে বেশ বিচলিত দেখা যায়। তিনি রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া, বেনফিকার কোচ হোসে মরিনহো এবং সতীর্থদের সঙ্গে কথা বলেন। পরে আরবেলোয়া জানান, প্রয়োজনে তার দল মাঠ ছাড়তেও প্রস্তুত ছিল।
সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ‘বর্ণবাদের ক্ষেত্রে শূন্য সহনশীলতা থাকতে হবে। এমন ঘটনা ফুটবলে হওয়া উচিত নয়। আমি ভিনিকে জিজ্ঞেস করেছিলাম সে খেলতে চায় কি না। আমরা সবসময় তার পাশে আছি।’
রিয়ালের তারকা কিলিয়ান এমবাপে অভিযোগ করেন, প্রেস্টিয়ান্নি একাধিকবার বর্ণবাদী মন্তব্য করেছেন এবং বলেন, ‘এ ধরনের আচরণ করা খেলোয়াড়ের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নেই।’
ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড বলেন, ‘এটা শুধু ফুটবলের জন্য নয়, সমাজের জন্যও লজ্জাজনক।’
মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি জানান, ভিনিসিয়ুস তাদের বলেছেন যে তাকে ‘বানর’ বলা হয়েছে। যদিও বেনফিকার খেলোয়াড়রা দাবি করেছেন, প্রেস্টিয়ান্নি শুধু স্বাভাবিক ম্যাচের উত্তেজনার অংশ হিসেবে উসকানি দিয়েছিলেন, বর্ণবাদী কিছু বলেননি।
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে বলেছে, ‘বর্ণবাদ একটি অপরাধ। ফুটবল বা কোথাও এর স্থান নেই। ভিনি, তুমি একা নও।’
উল্লেখ্য, ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জেতে রিয়াল মাদ্রিদ। আগামী ২৫ ফেব্রুয়ারি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ।
আইএইচএস/