দেশজুড়ে

বরগুনায় আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শেরেবাংলা সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিম কয়েক জনকে নিয়ে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন করে পরিত্যক্ত কার্যালয়ের টিনের বেড়ায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙাতে দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা দোকান খুলেছি ৮টার দিকে। আমরা এসে পতাকাটি দেখতে পাই। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন জাগো নিউজকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কার্যালয়ে ছবি ও পতাকা উত্তোলন করছে। এর আগেও এমন একটি ঘটনা ঘটার পরে আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন শক্ত অবস্থা দেখিনি। আমরা অবাক হয়েছি নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করে এমন কার্যক্রম এবং তার কোনো ব্যবস্থা না নেওয়ায়। আমরা তাদের কার্যক্রম নিয়ে তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জাগো নিউজকে বলেন, গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতদূর জেনেছি এটি খুব সকালে করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানা যায়। এর আগে জাতীয় নির্বাচনের পরপর বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম