বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) তিন বারের সভাপতি শিল্প উদ্যোক্তা ও যুবলীগ নেতা মোহাম্মদ আবুল বাশার মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে টানা দুই বছর তিনি অসুস্থ থাকাবস্থায় দেশ-বিদেশে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া নেমে আসে।
রাজধানীর গুলশান আজাদ মসজিদে বুধবার বাদ আছর প্রথম জানাজা ও রাত ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জন্মস্থান ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর নিজ বাড়ির দরজায়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে বাশারকে দাফন করা হবে।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাসিন্দা। বাশার ঢাকায় সরকার রিক্রুটিং এজেন্সির মালিক ও ২০০৮ সালে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া বাশার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুর আগে বাশার নিজ এলাকায় বাবার নামে আমিন উল্যাহ ইসলামিয়া মাদরাসা, উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়া বিভিন্ন সময় মানুষের কর্মসংস্থান তৈরি ও দান অনুদানে নিবেদিত ছিলেন।
শিল্প উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাজাহান সাজু, এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম