পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন বিতর্কে জড়ালেন কলকাতার সিনেমার নায়ক ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন আরেক অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদ ইমামের কাছ থেকে ৬৮ লাখ রুপি ধার নেন সোহম। অভিযোগকারীর দাবি, ওই অর্থের মধ্যে মাত্র ২৫ লাখ রুপি ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না করায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
শাহিদ আরও অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গেলে উল্টো চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। তিনি জানান, দুই বছর অপেক্ষার পর সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা করেন এবং মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ জমা দেন।
অন্যদিকে ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম চক্রবর্তী। তার দাবি, একটি চলচ্চিত্র নির্মাণের কাজে ওই অর্থ নেওয়া হয়েছিল। তবে আর্থিক জটিলতা ও সিনেমা মুক্তিতে বিলম্ব হওয়ায় একসঙ্গে পুরো টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। বাকি ৪৩ লাখ রুপি পরিশোধের প্রতিশ্রুতি তিনি একাধিকবার দিয়েছেন বলেও জানান।
হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে সোহম বলেন, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে।
এদিকে অভিযোগকারী আইনি প্রক্রিয়া শুরু করেছেন। বিষয়টি এখন আদালতের বিবেচনায়।
এলআইএ