আন্তর্জাতিক

অনলাইনে কেনা চীনা রোবটকে ‘নিজেদের তৈরি’ দাবি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের

নয়াদিল্লিতে চলমান ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ চীনা নির্মিত একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপনের অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

জানা যায়, এআই সম্মেলনে প্রদর্শিত রোবটটির আসল নাম ‘ইউনিট্রি গো২’, যা চীনের রোবোটিক্স কোম্পানি ইউনিট্রি নির্মিত একটি বাণিজ্যিক মডেল। ভারতে অনলাইনে এটি দুই থেকে তিন লাখ রুপিতে বিক্রি হয়।

তবে সম্মেলনে রোবটটিকে ‘ওরিয়ন’ নামে প্রদর্শন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি মিডিয়ার সামনে দাবি করছেন—গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অব এক্সেলেন্স এই রোবটটি তৈরি করেছে। আরেকটি ভিডিওতে এক অধ্যাপকও একই দাবি করেন।

Do you remember Galgotia University? Today they have shown their class yet again They showcased this commercially available robot at AI Summit and labeled it "breakthrough in AI" model It costs around $2800 online which is roughly ₹2.5 lakh but as per DD News, the… pic.twitter.com/Y0pzuUAYiv

— Amock_ (@Amockx2022) February 17, 2026

পরবর্তীতে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা রোবটটির আসল পরিচয় শনাক্ত করেন এবং চীনা প্রযুক্তিকে ভারতীয় উদ্ভাবন হিসেবে উপস্থাপনের অভিযোগ তোলেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা

বিতর্কের জবাবে বিশ্ববিদ্যালয়টি এক্স (সাবেক টুইটার)-এ বিবৃতি দিয়ে স্বীকারন করে, রোবটটি ইউনিট্রি থেকেই কেনা হয়েছিল এবং সেটি শিক্ষার্থীদের শেখার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। তবে তারা দাবি করে, রোবটটি নিজেদের তৈরি বলে কখনো দাবি করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি ইউনিট্রি থেকে কেনা রোবোডগ আমাদের শিক্ষাযাত্রার একটি ধাপ। এটি শুধু প্রদর্শনের যন্ত্র নয়, চলমান একটি শ্রেণিকক্ষ। আমরা এটি তৈরি করিনি এবং এমন দাবি করিনি। তবে আমরা এমন মন তৈরি করছি, যারা ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ভারতে নকশা ও উৎপাদন করবে।’

পরবর্তী এক পোস্টে বিশ্ববিদ্যালয়টি সামাজিক মাধ্যমে চলা সমালোচনাকে তাদের বিরুদ্ধে ‘প্রচারাভিযান’ বলে আখ্যা দেয়। তবে পোস্টটিতে এক্স প্ল্যাটফর্মে ‘কমিউনিটি নোট’ যুক্ত হয়, যেখানে বলা হয়—বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রোবটটিকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপনের দাবি অস্বীকার করা বিভ্রান্তিকর, কারণ ভিডিওতে তাদের প্রতিনিধিরা স্পষ্টভাবে এমন দাবি করেছেন।

সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির যোগাযোগবিদ্যার অধ্যাপক নেহা সিং, যিনি আগের ভিডিওতে রোবটটিকে নিজেদের উদ্ভাবন বলেছিলেন, পরে বলেন—ভুল বোঝাবুঝির কারণে বিষয়টি ভাইরাল হয়েছে। তার দাবি, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের নন এবং বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

সূত্র: এনডিটিভিকেএএ/