চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারদের একজন চার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশের এই এলিট ফোর্সটি।
বায়েজিদ লিংক রোড এলাকার আরেফিন নগরের একটি বহুতল ভবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও তার সহযোগী আবুল কালাম আজাদ (৬২)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজ সুলতান ইকরাম নগরীর অপরাধ জগতের পরিচিত ব্যক্তি। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থান করে দেশে-বিদেশে বিভিন্ন নম্বর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। এক্ষেত্রে ইন্টারনেটভিত্তিক কলিং অ্যাপ হোয়াটসঅ্যাস ও মেসেঞ্জার ব্যবহার করতেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ইমতিয়াজ সুলতানের ঘনিষ্ঠ সহযোগী আবুল কালাম আজাদ। তিনি চাঁদার টাকা সংগ্রহ ও ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
এমআরএএইচ/এমকেআর