খেলাধুলা

শেষ আটে গেলো কারা? কোন ফরম্যাটে হবে সুপার এইট?

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ এরইমধ্যে প্রায় শেষ হয়ে এসেছে। আজ (বৃহস্পতিবার) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যেখানে মুখোমুখি হবে বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া অস্ট্রেলিয়া ও ওমান।

এর অর্থ, এরই মধ্যে সুপার এইটে খেলা আটটি দল নিশ্চিত হয় গেছে। যারা পরের রাউন্ড তথা সুপার এইটে খেলবে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে।

অংশগ্রহণকারী ২০ দলকে ভাগ করা হয়েছিল ৪ গ্রুপে। প্রতিগ্রুপ থেকে সেরা দুটি করে মোট ৮টি দল নিশ্চিত করেছে সুপার এইট রাউন্ড। ‘এ’ গ্রুপ থেকে ভারত-পাকিস্তান, ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

এই আটটি দলকে আবার চারটি করে দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপে একে অপরের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। প্রতিটি দল অন্তত ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর দুই গ্রুপের দুটি করে সেরা দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এরপর ফাইনাল।

এখন প্রশ্ন হলো, সুপার এইটের যে দুটি গ্রুপ করা হয়েছে, সে দুটি গ্রুপ কিসের ভিত্তিতে করা হলো? প্রথম রাউন্ডের ফলাফলের ওপর ভিত্তি করে, নাকি কোনো ড্র’য়ের মাধ্যমে? এরই মধ্যে দেখা যাচ্ছে, সুপার এইটের গ্রুপ-১ এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। গ্রুপ-২ এ রয়েছে- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

এর মধ্যে গ্রুপ-১ এর তিন দল- ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গ্রুপ-২ এ পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড হলো গ্রুপ রানারআপ দল।

তাহলে কিভাবে সুপার এইটে দুই গ্রুপের মধ্যে কে কোন গ্রুপে থাকবে- এটা নির্ধারিত হলো? এখানেই মূলত মজার বিষয়টা ঘটিয়েছে আইসিসি। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি নির্ধারণ করে রেখেছিল, সুপার এইটে কারা কোন গ্রুপে খেলবে। প্রথম পর্বে ফল যাই হোক না কেন, সুপার এইটে গ্রুপিংটা হবে পূর্বনির্ধারিত ছক অনুসারেই।

অর্থ্যাৎ, আইসিসি আগেই র‌্যাংকিং ধরে সুপার এইটে গ্রুপিং কেমন হবে, সেটা নির্ধারণ করে রেখেছিল। তবে, এটুকু বলা ছিল, যদি র‌্যাংকিংয়ের সেরা আট দলের কেউ সুপার এইটে উঠতে ব্যর্থ হয়, তাহলে সেই দলের পরিবর্তে যে দল উঠবে, তারা নির্দিষ্ট গ্রুপে ঠাঁই পাবে। সে কারণে অস্ট্রেলিয়া উঠতে না পারায় সে জায়গায় ঠাঁই পেয়েছে জিম্বাবুয়ে।

সুপার এইটের গ্রুপিং

গ্রুপ-১: ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। গ্রুপ-২: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

আইএইচএস/