চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
আমনূরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ভোর ৫টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে।
সোহান মাহমুদ/এফএ/এএসএম