জাতীয়

বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী 

বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।   

মব করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডিকে সরানো হয়েছে। এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুত করা হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি নিজেও গতকাল সন্ধ্যার দিকে ঘটনাটা শুনেছি এবং এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ, নিয়োগ বহাল বা বাতিল এসব কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।

তিনি বলেন, বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ-আলোচনা সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করবো। ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মাধ্যমে সমাধান করা যায় কি না উদ্যোগ নেবো।

আরও পড়ুন‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ 

বাসসে যেটা হয়েছে, ওটা বিধিবদ্ধ নিয়মে হয়নি, মব করে হয়েছে। সেক্ষেত্রে এই সরকারের মবের একটা আচরণ যে হয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি সেটাই বলছি, সেটাই বলছি যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যে কোনো ঘটনাকে নিষ্পত্তি করবো বিধি-বিধানের মধ্য দিয়ে। কেউ মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।’

‘আপনারা দেখেছেন জাতীয় সংসদে যে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করবো সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেবো না।’ 

মত ভিন্নতার প্রশ্নে কারও চাকরি যাওয়া কি উচিত এই সময়ে এসে- এমন প্রশ্নে জহির উদ্দিন স্বপন বলেন, যদি ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান, ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দেবে, কাকে চাকরি দেবেন না, কার চাকরি তারা রাখবেন, কার চাকরি তারা রাখবেন না- এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তবে তথ্যমন্ত্রী হিসেবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবেন, আমি চেষ্টা করবো সেটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে এগোনো হচ্ছে কি না, সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। 

আরএমএম/কেএসআর