অর্থনীতি

ভোক্তা অধিকারের অভিযানে বাধার ঘটনায় ক্যাবের প্রতিবাদ

 

পুরান ঢাকার মৌলভীবাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বাধা দেওয়ার ঘটনায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ঢাকার মৌলভীবাজারে একটি তদারকিমূলক অভিযানে যান। অভিযানে দেখা যায়, মাত্র ১০ দিনের ব্যবধানে মেসার্স দেওয়ান ট্রেডার্স ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পণ্য কেনার মূল্য বেশি হওয়ার দাবি করলেও তার পক্ষে কোনো পাকা ক্যাশমেমো প্রদর্শন করতে ব্যর্থ হন। বরং তারা স্বীকার করেন যে, পণ্য বাকিতে কিনে বিক্রির পর মূল্য পরিশোধের সময় ক্যাশমেমো দেওয়া হয়, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থি এবং বাজারে অস্বচ্ছতার সুস্পষ্ট প্রমাণ।

এই পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেসার্স দেওয়ান ট্রেডার্সের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারার আওতায় পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো প্রকাশ্যে জরিমানা পরিশোধ করা হবে না মর্মে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। তিনি হইচই শুরু করেন এবং বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হয়, যা আইনশৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগজনক।

ক্যাব মনে করে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, পণ্য ক্রয়-বিক্রয়ে ক্যাশমেমো সংরক্ষণে ব্যর্থতা এবং সরকারি তদারকি অভিযানে বাধা প্রদান-এই তিনটি বিষয়ই বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীনতা ও ভোক্তা স্বার্থবিরোধী আচরণের প্রতিফলন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ ভোক্তারা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং বাজারে অস্থিতিশীলতা বাড়বে।

এ অবস্থায় ক্যাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পণ্য ক্রয়-বিক্রয়ে ক্যাশমেমো প্রদানের বাধ্যবাধকতা কার্যকর করা, সরকারি তদারকি অভিযানে বাধা প্রদানকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিত ও কার্যকর নজরদারি জোরদার করার জোর দাবি জানাচ্ছে।

ভোক্তার ন্যায্য অধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিত করার স্বার্থে ক্যাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

এনএইচ/এমএমএআর