বাইরে খেলতে যেতে হবে না, পড়ে গিয়ে ব্যথা পাবে।নিজে স্কুল ব্যাগ গুছাবে? কিছু ভুল হয়ে যাবে। থাক, আমি করে দিচ্ছি।
আপনি কি খুব যত্নবান অভিভাবক? নাকি অজান্তেই সন্তানের পথের সব পাথর সরিয়ে দিচ্ছেন? প্রশ্নটা অস্বস্তিকর, কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত সুরক্ষা কখনও কখনও শিশুর আত্মবিশ্বাস ও সমস্যা সামলানোর ক্ষমতা কমিয়ে দিতে পারে। এর নাম হেলিকপ্টার প্যারেন্টিং।
হেলিকপ্টার প্যারেন্টিং কী?মনোবিজ্ঞানে একটি শব্দ আছে - হেলিকপ্টার প্যারেন্টিং। যার অর্থ হলো - সন্তানকে ঘিরে সবসময় ঘোরাফেরা করা, তার হয়ে সিদ্ধান্ত নেওয়া, ছোট কোনো ভুলের সুযোগও না দেওয়া।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ শিশুদের স্বনির্ভর হয়ে উঠতে বাধা দিতে পারে। তারা নিজের সিদ্ধান্তে আস্থা হারাতে শুরু করে।
শিশু যদি নিজে জুতা পরতে গিয়ে উল্টো পরে ফেলে, তাতে ক্ষতি কী? বরং সেই ভুল থেকেই সে শিখবে। গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় বয়সোপযোগী ঝুঁকি নেওয়ার সুযোগ পেলে শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে।
হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড বলছে, নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে চ্যালেঞ্জ মোকাবিলা করা শিশুর মস্তিষ্কের স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স বাড়ায়।
সব সময় ঢাল হয়ে থাকলে কী হয়?অতিরিক্ত সুরক্ষায় বড় হওয়া অনেক শিশু কৈশোরে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে। আত্মবিশ্বাস কমে যায়, ব্যর্থতার ভয় বেড়ে যায়। তারা নতুন কিছু চেষ্টা করতে দ্বিধা করে, কারণ ছোটবেলা থেকে ব্যর্থতার স্বাদ পায়নি।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের মতে, বয়স অনুযায়ী দায়িত্ব দেওয়া শিশুর সামাজিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।
প্রথমত, নিরাপত্তা নিশ্চিত করুন, কিন্তু স্বাধীনতাও দিন।দ্বিতীয়ত, সন্তানের হয়ে সব সিদ্ধান্ত না নিয়ে তাকে বিকল্প দিন। যেমন - আজ লাল জামা পরবে, নাকি নীল?তৃতীয়ত, ভুল করলে বকাঝকা নয়, আলোচনা করুন। কী শিখলে? - এই প্রশ্নটি ভুল করার পরও শিশুর আত্মবিশ্বাস বাড়ায়।
সন্তানকে ভালোবাসা মানে তাকে আগলে রাখা - কিন্তু শক্ত করে ধরে রাখা নয়। অতিরিক্ত সুরক্ষা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তা শিশুকে দুর্বল করে দিতে পারে।
তাই শিশুর হাত ছেড়ে দেওয়া মানে তাকে ফেলে দেওয়া নয়, বরং পাশে থেকে শেখার সুযোগ দেওয়া। কারণ আজ যে শিশু ছোট ছোট ঝুঁকি নিতে শিখছে, কাল সে বড় চ্যালেঞ্জেও দৃঢ় থাকবে।
সূত্র: আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস, জার্নাল অব চাইল্ড অ্যান্ড ফ্যামিলি স্টাডিজ
এএমপি/জেআইএম