ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এআই সম্মেলনে নির্ধারিত বক্তব্য দেবেন না বিল গেটস। সম্মেলনে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তার দাতব্য সংস্থা এ তথ্য জানায়।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউনডেশন জানায়, সতর্ক বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সম্মেলনের মূল বিষয়গুলোতে মনোযোগ বজায় থাকে। তবে বিস্তারিত কারণ জানানো হয়নি।
এই সিদ্ধান্ত এসেছে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নতুন নথিতে গেটসের নাম উঠে আসার কারণে। নথিগুলোতে প্রয়াত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের-এর সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে।
গেটসের মুখপাত্র এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। গেটস নিজেও বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি অনুতপ্ত। তবে এপস্টিনের কোনো ভুক্তভোগী গেটসের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলেননি এবং নথিতে তার নাম থাকা মানেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা নয়।
গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তার পরিবর্তে সংস্থাটির আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সম্মেলনে বক্তব্য দেবেন। সংস্থাটি আরও বলেছে, স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যে ভারতে তাদের কাজ অব্যাহত থাকবে।
বর্তমানে গেটস ভারত সফরে রয়েছেন। তিনি সোমবার অন্ধ্র প্রদেশে সফর করে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে নীতিনির্ধারণ, স্টার্টআপ প্রদর্শনী এবং এআই শাসনব্যবস্থা ও অবকাঠামো নিয়ে বৈঠক চলছে। ভারত এই আয়োজনকে বৈশ্বিক এআই কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেছে।
সম্মেলনে শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে প্রথম দিনের ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা রয়েছে।
সূত্র: বিবিসি
এমএসএম