দেশজুড়ে

শনিবার বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টম্‌সের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রফতানি কার্যক্রম হবে না। রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, শনিবার এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টম্‌সের ও কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। রোববার সকাল থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম চালু থাকবে।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম